ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা স্থগিতের আবেদন করা হয়েছে।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। নাহিদ ইসলামের আইনজীবী জানান, চলতি সপ্তাহেই এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতুর নাগরিকত্ব ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ড. এম এ কাইয়ুম এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তিনি কখনোই দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি এবং ভাইরাল হওয়া কথিত নথিপত্র সম্পূর্ণ জাল। নির্বাচনী প্রেক্ষাপটে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হাইকোর্টের শুনানির মাধ্যমে বিষয়টির আইনি নিষ্পত্তি হবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :