শবে বরাতে রাজধানীতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

পবিত্র শবে বরাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শবে বরাতের পবিত্রতা বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্স–১৯৭৬-এর ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।