আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাতজনকে যাবজ্জীবন এবং দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়। আদালত সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগীদের পরিবারে বণ্টনের নির্দেশও দিয়েছেন। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), সাবেক এসআই আব্দুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভুইয়া। মামলার ১৬ আসামির মধ্যে আটজন কারাগারে এবং আটজন পলাতক রয়েছেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হওয়ার পর তাঁদের মরদেহ একটি ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, একজন তখনো জীবিত ছিলেন। এই নৃশংস ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।