ভাষা আন্দোলন, শিল্পকলা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পাচ্ছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তালিকাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। সংগীতে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। নৃত্যে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন অর্থি আহমেদ এবং সংগীতাঙ্গনে দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছে ব্যান্ডদল ওয়ারফেইজ।
এ ছাড়া চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যস এ বছরের পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
সরকার গত বছরের জুলাইয়ে একুশে পদক–২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় বৃহস্পতিবার।
উল্লেখ্য, ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে একুশে পদক প্রদান করা হয়, যার লক্ষ্য গুণীজনদের সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।
আপনার মতামত লিখুন :