মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের কিশোরী হুজাইফা আফনান (১২) ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেছে। শনিবার সকালে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং এলাকার তেচ্ছিব্রিজের কাছে মিয়ানমার অংশ থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকেরা মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচার করলেও তার অবস্থা সংকটাপন্নই ছিল।
হুজাইফার মৃত্যু টেকনাফ সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন আক্রমণ ও গোলাগুলি বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। স্থানীয়দের অভিযোগ, ওপারের সংঘর্ষের গুলি ও গোলার শব্দে নিয়মিত কেঁপে উঠছে ঘরবাড়ি।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :