ঢাকার দুটি আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত: সেনাবাহিনী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

ঢাকা—আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৪ ও ঢাকা-১৬ সংসদীয় আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই দুই আসনসহ ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করা হয়েছে।

শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—সাধারণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মাত্রা অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন। সেনাবাহিনী নির্বাচনকালীন ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে।

লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর জানান, গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যেকোনো বিশৃঙ্খলার খবর প্রচারের আগে প্রাথমিক যাচাই করতে, যাতে ভুল বা উসকানিমূলক তথ্য ছড়ানো না হয়।

তিনি আরও বলেন, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।