চট্টগ্রাম—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে ফের অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম।
রোববার সকাল ৮টা থেকে শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে গেলে বন্দরের সব জেটিতে পণ্য ও কনটেইনার ওঠানামা কার্যত বন্ধ হয়ে যায়।
বন্দরের ভেতরে ট্রেলার ও পণ্য পরিবহন যানবাহনের প্রবেশও বন্ধ রয়েছে, ফলে পণ্য ডেলিভারি কার্যক্রম সম্পূর্ণ থমকে গেছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানিয়ে কাজে যোগ দেননি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী দুই শ্রমিক নেতাকে তুলে নিয়েছে।
রমজান ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই অচলাবস্থা দেশের অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ৩১ জানুয়ারি শুরু হওয়া কর্মবিরতি ৪ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নেয়, যা নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসে বৃহস্পতিবার স্থগিত হয়েছিল। তবে আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই শ্রমিক নেতাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের উদ্যোগ নেওয়ায় ক্ষোভ নতুন করে দানা বাঁধে।
শ্রমিকদের হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে বন্দর আবার স্থবির হয়ে পড়ল।
কর্মবিরতির প্রভাবে বন্দর ও ১৯টি বেসরকারি ডিপোতে প্রায় ৫১ থেকে ৫৪ হাজার টিইইউস কনটেইনার আটকে রয়েছে। জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হলেও তা আবার বন্ধ হয়েছে। বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বর্তমানে প্রায় ১০০, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :