আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামছে প্রায় ১০ লাখ নিরাপত্তা সদস্য


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন নির্বাচনী দায়িত্বে থাকবেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা, টহল, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এসব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের অধীনে কাজ করবে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মাঠে রাখা হয়েছে।

মোতায়েনকৃত বাহিনীর মধ্যে রয়েছে সেনাবাহিনীর এক লাখের বেশি সদস্য, পুলিশের প্রায় ১ লাখ ৮৮ হাজার, আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৭৬ হাজার এবং বিজিবি, র‍্যাব, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল ও নিরাপত্তা অ্যাপের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে এলাকাভেদে ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটের দুই দিন আগে থেকেই তারা কেন্দ্রে অবস্থান নেবেন।

নির্বাচন কমিশনের দাবি, ব্যালট বাক্স ইতিমধ্যে জেলা পর্যায়ে পৌঁছেছে এবং ভোট গ্রহণের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্বাচন ঘিরে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে।