নির্বাচন উপলক্ষে মঙ্গলবার থেকে চার দিন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর চার দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। এই সময়ে কেবল নির্বাচন কার্যক্রমে নিয়োজিত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্তরা এবং ওই এলাকার বাসিন্দা বা ভোটাররা সেখানে থাকতে পারবেন।

সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। কমিশনের ভাষ্য, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।