ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্দেশ্যে তাঁর পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির প্রেক্ষাপটে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া ১২ জন হাইকোর্ট বিচারপতির মধ্যে তিনি একজন ছিলেন।

সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া–বার্কলি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন।