বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অতীতের শাসনামলে দলের অনিচ্ছাকৃত ভুলের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি একটি নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে চায়।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সে সময়ে কোনো ভুল হয়ে থাকলে তার দায় স্বীকার করে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান। তাঁর ভাষায়, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ রাখাই বিএনপির অগ্রাধিকার।
তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে সরকার গঠিত হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভাষণে তরুণ ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নির্বাচনের পর জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব নিজে নেবেন বলেও জানান তারেক রহমান।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন, এবং সেই লক্ষ্যেই ধানের শীষের বিজয় কামনা করেন।
আপনার মতামত লিখুন :