নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইভার্স ইজাবস বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তাঁর ভাষায়, গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক জবাবদিহিতার মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেই ইইউ তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ইইউ মিশন নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কিছু এলাকায় ঝুঁকি থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা মনে করে।

নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণকে নির্বাচনকে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক করার জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সব সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পূর্বশর্ত।

ইভার্স ইজাবস জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় মাঠপর্যায়ে কাজ করছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদন, যেখানে প্রয়োজনীয় সুপারিশ থাকবে, প্রকাশিত হবে নির্বাচন শেষের প্রায় দুই মাস পর।