ভোটের আগে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরে সব কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বক্স পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরগুলোতে এসব সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে সন্ধ্যার মধ্যে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন—সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপি ব্যালটে গণভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটের দিন সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে তিন স্তরে ভাগ করা হয়েছে—কেন্দ্রভিত্তিক, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে নির্বাচন বাধাগ্রস্ত করার সক্ষমতা কারও নেই। তবে বিচ্ছিন্ন অপরাধের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।

পুলিশের হিসাবে, সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এসব কেন্দ্রেও ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।