ঢাকার পানি দূষণ কমানো, স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং নদী–খাল পুনরুদ্ধারের লক্ষ্যে ৩৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হারে এর পরিমাণ প্রায় ৪ হাজার ৫২৮ কোটি টাকা। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন হয় বলে বুধবার ঢাকার বিশ্বব্যাংক কার্যালয় জানিয়েছে।
‘মেট্রো ঢাকা পানি নিরাপত্তা ও টেকসই কর্মসূচি’র আওতায় স্থানীয় সরকার সংস্থা ও ওয়াসার সক্ষমতা বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো হবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ পানি এবং ৫ লাখ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় আসবে। একই সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেম বলেন, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে ঢাকার পানি দূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে। এই কর্মসূচি নদী ও খালের দূষণ কমাতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।
বিশ্বব্যাংকের তথ্যে বলা হয়, ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপযুক্ত পয়ঃনিষ্কাশন সুবিধা পান এবং ৮০ শতাংশের বেশি অপরিশোধিত বর্জ্য পানি সরাসরি জলপথে গিয়ে পড়ে। অর্ধেকের বেশি খাল হারিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নতুন এই উদ্যোগে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী ও নদী–খাল পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়া হবে।
প্রথম ধাপে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত এলাকাগুলোতে প্রকল্পটি বাস্তবায়িত হবে, যেখানে শিল্প বর্জ্য পরিশোধন, পুনর্ব্যবহার এবং সরাসরি নদী–খালে বর্জ্য ফেলা বন্ধ করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :