নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে শুক্রবার: ইসি সানাউল্লাহ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ভোটের পরদিন শুক্রবার সকালে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। দেশজুড়ে প্রাপ্ত ফলাফল একত্র করে কেন্দ্রীয়ভাবে যাচাই শেষে এই ঘোষণা দেওয়া হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ছিল ডিজিটাল হলেও ভোট গণনা হবে ম্যানুয়ালি, সংসদীয় আসনভিত্তিকভাবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো পোস্টাল ভোটই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সাম্প্রতিক অস্থিরতার পর লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে।

দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তিনি স্পষ্ট করেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন—এতে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচন কমিশন আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হবে এবং ফলাফল সময়মতো প্রকাশ করা সম্ভব হবে।