নিষেধাজ্ঞা প্রত্যাহার, সড়কে ফিরেছে যানবাহন; খুলেছে শপিংমল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ায় শনিবার মধ্যরাত থেকে সারা দেশে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে রাজধানীর শপিংমল ও বিপণিবিতানও খুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে মোটরসাইকেলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যত অকার্যকর হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস, প্রাইভেটকার, সিএনজি ও পিকআপসহ যান চলাচল দেখা গেছে, যদিও স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যানবাহনের সংখ্যা কম ছিল।

চালকদের ভাষ্য, টানা ছুটির কারণে এখনো অনেক মানুষ রাজধানীতে ফেরেনি। রোববার থেকে পূর্ণ কর্মদিবস শুরু হলে যান চলাচল বাড়বে বলে তাদের ধারণা।

এদিকে সকাল থেকেই রাজধানীর বড় বিপণিবিতানগুলো খুলতে শুরু করে। বসুন্ধরা সিটি শপিংমল–এ দুপুরের দিকেই ক্রেতাদের উপস্থিতি বাড়তে দেখা যায়; পার্কিং এলাকায়ও গাড়ির চাপ ছিল।

নিষেধাজ্ঞা শেষে মোটরসাইকেলে অফিসে ফেরা এক চালক বলেন, চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে, যদিও নির্বাচন নির্বিঘ্ন হওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবহন শ্রমিকদের ভাষ্যেও একই সুর—ভোট ঘিরে আতঙ্ক ছিল না, বরং দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সন্তুষ্টি রয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১০ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা ভোট শেষের পর প্রত্যাহার করা হলো।