নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হওয়ায় এককভাবে সরকার গঠন করছে।

এবার শপথ অনুষ্ঠানেও থাকছে ব্যতিক্রম। প্রচলিত রীতি ভেঙে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের বাইরে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্র জানায়, অনুষ্ঠান ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের বৈঠকে দলনেতা নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।

নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত হওয়ায় বিএনপির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান—এটি কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সংসদ সদস্যদের মধ্য থেকেই নিয়োগ পাবেন, সীমিত সংখ্যক টেকনোক্র্যাট অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। শপথের পরপরই দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে সরকার; একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।