দীর্ঘ দুই যুগ পর ক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১,২০০ অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বিদেশি অতিথিদের মধ্যে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। সম্ভাব্য উপস্থিতির তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। এ ছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
দিনের শুরুতে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বিএনপি সংসদীয় দলের বৈঠকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান শুধু সরকার পরিবর্তনের আনুষ্ঠানিকতা নয়—বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচক হিসেবেও বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :