মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এই নিয়োগের মাধ্যমে সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসে আরেক দফা পরিবর্তন এলো। এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। পরবর্তীতে নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব করা হলেও সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনির নিয়োগ চূড়ান্ত করা হয়।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রশাসনের শীর্ষ এই পদে দ্রুত রদবদলকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।