সরকারের প্রথম কর্মদিবসে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু হচ্ছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক কার্যক্রমের মধ্য দিয়ে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধ-এ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কর্মসূচি শেষে দুপুরে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি।

দিনের দ্বিতীয়ার্ধে বিকেল ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।