ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের আগেই, রমজান মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে—তা নিয়েই বৈঠকে মূলত আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এ সিদ্ধান্তেই সবাই একমত হয়েছে।

কয়টি পরিবার এ সুবিধা পাবে—এ প্রশ্নে তিনি জানান, কর্মসূচিটি সার্বজনীন ধারণার ওপর ভিত্তি করে তৈরি। কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে না। তবে বাস্তবায়নের শুরুতে অগ্রাধিকার পাবে হতদরিদ্র পরিবার, এরপর ধাপে ধাপে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রমজানেই কার্যক্রম শুরু হবে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, তারেক রহমান চান অন্তত একটি পাইলট প্রকল্প ঈদের আগেই চালু হোক। সে লক্ষ্যেই প্রাথমিক কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করার কাজ চলছে।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির নতুন এই উদ্যোগ, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চাপের মধ্যে সাধারণ পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।