স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন জরুরি। বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কারকে অগ্রাধিকার দিতে তিনি নির্দেশ দেন।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বাজেট সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের কাছ থেকে সুস্পষ্ট প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে, যার ভিত্তিতে সংস্কারের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :