রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী।
তিনি বলেন, খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব, যা রমজানে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
শুক্রবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় বিশেষ উদ্যোগের সুযোগ সীমিত ছিল। তবে ইতিবাচক দিক হলো—বর্তমান মজুদ বাজারে মূল্যচাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতের বিস্তার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকারে রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল দক্ষতা বাড়ানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ টানতে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি–সহায়তার উদ্যোগ শিগগিরই দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :