ট্রাইব্যুনাল থেকে সরানো হল তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম-কে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর নিয়োগ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এ দায়িত্ব দিয়েছিল।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ তাজুল ইসলাম দেড় বছর দায়িত্ব পালন করেন। তার সময়ে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। এসব মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলমান; এর মধ্যে তিনটির রায় হয়েছে।

ঘোষিত রায়গুলোতে দণ্ডিতদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ। রামপুরার একটি মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত আছে ৪ মার্চ।

ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগেও বিচার চলছে; এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-সহ একাধিক সাবেক এমপি ও মন্ত্রী।