যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

নিরাপত্তা ও প্রশাসনিক যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তিনি বাসভবনটি ছাড়বেন। এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগ্রহের কথা বিবেচনায় রেখে যমুনায় দ্রুত সংস্কারকাজ শেষ করার প্রস্তুতি চলছে। চলতি রমজানে ইফতার আয়োজন এবং আসন্ন ঈদুল ফিতরে অতিথি সংবর্ধনাও যমুনায় করার ইচ্ছা প্রকাশ করেছেন সরকারপ্রধান।

এর আগে সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের সম্ভাবনা বিবেচনা করা হলেও সময়স্বল্পতা ও বাস্তব সীমাবদ্ধতায় সেসব পরিকল্পনা বাদ দেওয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসভবনে অবস্থান করছেন এবং সেখান থেকেই সচিবালয় ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সেটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সেখানে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই।