ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকার জরুরি সহায়তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে বাড়তি নগদ চাহিদার মধ্যে তারল্য সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংক-কে ১ হাজার কোটি টাকার জরুরি তহবিল দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের অর্থ ফেরত দিতে চাপের মুখে পড়ে। নগদ প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহায়তা চায়, যার পরিপ্রেক্ষিতেই এই তহবিল অনুমোদন দেওয়া হয়।

ন্যাশনাল ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঈদের আগে আমানত উত্তোলনের হার বাড়ে, কিন্তু বিদ্যমান আমানত ও ঋণ আদায় দিয়ে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। জরুরি এই সহায়তা সাময়িকভাবে ব্যাংকের নগদ প্রবাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।