শুক্রবার দুপুরে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মাই আর্থকোয়েক অ্যালার্ট–এর তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে সাতক্ষীরার আশাশুনি এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরায় ঝাঁকুনিটি ছিল স্পষ্ট ও শক্ত। জুমার নামাজের সময় মসজিদে থাকা অনেক মানুষ আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফেব্রুয়ারি মাসে ভূকম্পনের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। চলতি মাসের প্রথম ২৬ দিনে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। এর মধ্যে বুধবার রাতে মিয়ানমারে উৎপত্তি হওয়া ৫.১ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে।
ভূকম্পন বিশেষজ্ঞদের তথ্যমতে, ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পনের মাধ্যমে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়—যার মধ্যে কলারোয়ায় ৪.১ মাত্রার একটি এবং মিয়ানমারে উৎপত্তি হওয়া ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
পরপর এই কম্পনগুলো ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবকাঠামোগত প্রস্তুতি ও জনসচেতনতার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :