মধ্যরাত থেকে পদ্মা–মেঘনায় দুই মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ইলিশের উৎপাদন বাড়ানো ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে।

মার্চ ও এপ্রিল—এই দুই মাসে মাছ আহরণ ছাড়াও ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আইন ভাঙলে কারাদণ্ড ও জরিমানার বিধান কার্যকর হবে।

জেলা প্রশাসনের তথ্যমতে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় বরফকলসহ সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞাকালীন জীবিকা সহায়তা হিসেবে চাঁদপুরের নিবন্ধিত ৩৯ হাজার ৪০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়লে এক থেকে দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা—বা উভয় দণ্ড হতে পারে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা রক্ষায় এই দুই মাসে নজরদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান মনে করেন, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল টেকসই হবে না।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল টহল অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।