ইরানি হামলার দাবি: ভারত মহাসাগরে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র আঘাত?


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা (ইসলামি বিপ্লবী গার্ড কোর) বুধবার ভোরে দাবি করেছে, ভারত মহাসাগরে মোতায়েন একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর অংশ হিসেবে এ হামলা পরিচালিত হয়।

ইরানি পক্ষের ভাষ্য অনুযায়ী, ইরানের উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থানকালে একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি নিচ্ছিল ডেস্ট্রয়ারটি। সে সময় কদর–৩৬০ ও তালাইয়েহ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে উভয় জাহাজে অগ্নিকাণ্ড ও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীর কথাও উল্লেখ করা হয়।

ইরানি সামরিক বাহিনী এ হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে “কঠোর জবাব” হিসেবে বর্ণনা করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি, এবং স্বাধীন কোনো উৎসও ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এই তথ্য প্রকাশ করেছে।