সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলীয় সংসদ সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার সকালে ঢাকার গুলশানে দলটির কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য। এতে অংশ নেওয়া সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা পালনের প্রস্তুতি এবং প্রশাসনিক ও নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা। প্রশিক্ষণের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সংসদ পরিচালনার বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া, বাজেট উপস্থাপন ও পর্যালোচনা, সংসদের স্থায়ী কমিটির কাজ এবং মন্ত্রণালয় তদারকির বিভিন্ন দিক।
দলীয় সূত্র জানায়, দুই দিনের এই কর্মসূচিতে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ, নীতি নির্ধারণে ভূমিকা এবং মন্ত্রণালয় পরিচালনায় কার্যকর সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হবে।
আপনার মতামত লিখুন :