প্রধানমন্ত্রীকে ৭ মার্চ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ওই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, সেদিন রাতে তারেক রহমানকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই হঠাৎ করে আটক করা হয়েছিল।

রুমনের ভাষ্য অনুযায়ী, ওই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাসভবন ঘিরে ফেলেন এবং পরে তারেক রহমানকে কক্ষ থেকে বের করে নিয়ে যান। তিনি দাবি করেন, তখন উপস্থিত পরিবারের সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে তা দেখানো হয়নি।

ভিডিও বার্তায় তিনি বলেন, বিনা পরোয়ানায় একজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে বিতর্কিত অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। তাঁর মতে, সেই সময়কার পরিস্থিতি অনেকের কাছে গভীর স্মৃতিচিহ্ন হয়ে আছে।

গ্রেপ্তারের মুহূর্তের প্রসঙ্গ উল্লেখ করে রুমন বলেন, ওই সময় তারেক রহমান নিজের নিরাপত্তার চেয়ে পরিবারের সদস্য ও সহযোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৭ মার্চের ওই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও সমর্থকেরা দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে স্মরণ করে থাকে।