রাইড-শেয়ার মোটরসাইকেলে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি সরবরাহের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

রাইড-শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকেরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কিছু শর্ত মেনে রাইড-শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেলগুলোকে জ্বালানি সরবরাহ করা হবে। এই সিদ্ধান্ত আপাতত মহানগর এলাকার জন্য প্রযোজ্য হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেল চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে একটি ক্রয়রসিদ দিতে হবে।

এছাড়া প্রতিবার জ্বালানি নেওয়ার সময় আগের ক্রয়ের রসিদের মূল কপি জমা দিতে হবে, যাতে দৈনিক সরবরাহের সীমা যাচাই করা যায়।

বিপিসি আরও জানিয়েছে, জ্বালানি সরবরাহের আগে সংশ্লিষ্ট মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড-শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করতে হবে।

কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থা জ্বালানি সরবরাহের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধে সহায়ক হবে।