ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদরদপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত পালমাচিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতেও ইরানি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।

এই সামরিক উত্তেজনার মধ্যেই চলমান সংঘাত বন্ধের জন্য তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শর্তগুলো তুলে ধরেন।

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, চলমান হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না—এই নিশ্চয়তা প্রদান করা হলে তবেই সংঘাতের অবসান সম্ভব।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির বিভিন্ন অবকাঠামো ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা।