রোহিঙ্গাদের ধ্বংসের অভিপ্রায়েই গণহত্যা চালায় মিয়ানমার: আইসিজে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়ে হত্যাযজ্ঞ, ধর্ষণ ও ব্যাপক নির্যাতন চালিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন। নারী ও শিশুদের ওপর চালানো হয়েছে যৌন সহিংসতা এবং ধ্বংস করা হয়েছে রোহিঙ্গাদের গ্রাম ও বসতি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় এসব পর্যবেক্ষণ দেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

রায় পাঠের সময় তিনি বলেন, সব তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ এবং শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে। পাশাপাশি তাদের বসতবাড়ি ও গ্রাম ধ্বংস করেছে। চরম নির্যাতনের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন, তখনও তাঁদের ওপর হামলা চালানো হয়।

আইসিজে আরও জানিয়েছে, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় সহিংসতায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দ্য হেগে অবস্থিত আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া। এই রায়কে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গাম্বিয়ার করা মামলার প্রেক্ষাপট

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর পরিচালিত এসব কর্মকাণ্ডের জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশটি গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত সহিংসতার দায় নির্ধারণ এবং গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠার প্রশ্নে মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।