নেপালের ইতিহাসে নতুন অধ্যায়: সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর শপথ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

নেপালে সাম্প্রতিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিপুল আসন পেয়ে সরকার গঠনের অবস্থানে আসে। প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে দলটি দেশটির প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর ওপর স্পষ্ট প্রাধান্য প্রতিষ্ঠা করে।

৩৫ বছর বয়সী শাহ, যিনি ‘বালেন’ নামেও পরিচিত, মূলধারার রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ। পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও তিনি প্রথমে জনপ্রিয়তা পান সংগীতশিল্পী হিসেবে। পরবর্তীতে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে জনপরিসরে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন।

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি, বেকারত্ব ও নাগরিক স্বাধীনতার প্রশ্নে তরুণদের নেতৃত্বে সংঘটিত গণআন্দোলনের পর দেশটির রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে যায়। সেই অস্থিরতার প্রেক্ষাপটে অনুষ্ঠিত নির্বাচনে শাহর দল নতুন বিকল্প হিসেবে উঠে আসে। আন্দোলনের সময় তিনি সরাসরি রাজপথে না থাকলেও তরুণ প্রজন্মের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

শপথ অনুষ্ঠানে নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক এবং নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহর সামনে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দুর্নীতি মোকাবিলা করা এবং দীর্ঘদিনের জনঅসন্তোষ কমানো। বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের আস্থাহীনতার এই প্রেক্ষাপটে তার নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি নতুন দিক নির্ধারণ করতে পারে।