রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

টানা ১৩ দিনের বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

উল্লেখ্য, সংসদের প্রচলিত রীতি অনুযায়ী প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন এবং তার ওপর সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।