আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আজ মধ্যরাত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

২০২৫–২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা আজ মঙ্গলবার রাত ১২টায় শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল সম্পন্ন করতে করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষে অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ই-রিটার্ন ব্যবস্থায় ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারেরও বেশি ব্যক্তি অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে পর্যন্ত করদাতারা ই-রিটার্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। সময়মতো রিটার্ন জমা না দিলে জরিমানা বা অতিরিক্ত কর আরোপের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

তবে যেসব করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা যৌক্তিক কারণ দেখিয়ে একই সময়সীমার মধ্যে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণযোগ্য হলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দিতে পারবেন।

এনবিআর বলছে, পুরো সময় বৃদ্ধি প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে ‘Time Extension’ অপশনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কর প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করদাতাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।