জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত পাঠদানের নতুন কাঠামো বিবেচনায় নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের শিক্ষাক্রমে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইন মাধ্যমে ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
মঙ্গলবার রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের যাতায়াতজনিত চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বিকল্প পদ্ধতির প্রতি সমর্থন জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান করবেন। এতে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের ব্যবস্থা গ্রহণ সময়োপযোগী হতে পারে। বিশেষ করে মহানগর এলাকায় শিক্ষার্থীদের যাতায়াত কমিয়ে আনা গেলে জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব।
চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে বাস্তবায়নযোগ্য একটি কাঠামো নির্ধারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
আপনার মতামত লিখুন :