দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বজায় রাখা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিদপ্তর ও এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি স্থগিত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সচল রাখা এখন অগ্রাধিকার। এ জন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
নির্দেশনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠপর্যায়ের স্বাস্থ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :