রাজধানীর একটি সিনেমা হলে অনানুষ্ঠানিক উপস্থিতিতে চলচ্চিত্র উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে কন্যা জাইমাকে সঙ্গে নিয়ে তিনি ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রটি দেখেন।
সরকারি সূত্র জানায়, পূর্বে কিছু গণমাধ্যমে ‘বনলতা এক্সপ্রেস’ দেখার খবর প্রকাশ পেলেও তা সঠিক নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী ওই দিন ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাই দেখেছেন।
অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন, ব্যক্তিগত অবসর কাটানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই সফরটি করেছেন। এটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সীমিত পরিসরের আয়োজন। তাঁর সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও জানানো হয়, প্রধানমন্ত্রী সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে প্রবেশ করেন এবং রাত ১০টা ১০ মিনিটে প্রদর্শনী শেষে স্থান ত্যাগ করেন।
এ সফর ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা কৌতূহল দেখা গেলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :