দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জোরালোভাবে উঠে এসেছে। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যবসায়ীরা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি সহায়তা চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু এবং বিমানবন্দরে প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছেন উদ্যোক্তারা।
ব্যাংক ঋণের সুদহার হ্রাস, জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার এবং করের আওতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি কার্যক্রম সহজ করতে লাইসেন্স প্রক্রিয়া সরলীকরণ এবং বাণিজ্য সম্প্রসারণে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও উত্থাপন করা হয়।
সরকারি পর্যায়ে এসব প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :