মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে কমিটি প্রস্তাবগুলো নীতিগতভাবে অনুমোদন দেয়।
একই বৈঠকে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে টিকার সরবরাহ অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে ক্রয় পদ্ধতি অনুমোদনের বিষয়টিও আলোচনায় আসে এবং এ বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়।
এর আগে, গত ৪ এপ্রিল সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগকে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে।
আপনার মতামত লিখুন :