পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে সুপারনিউমারারি পদোন্নতি পাওয়া একাধিক কর্মকর্তাসহ মোট ১৬ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশে কর্মরত মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে বিশেষ পুলিশ সুপার পদ থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কামরুল হাসান মাহমুদকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপিতেই যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্মকর্তা হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত কমিশনার হিসেবে একই ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সদর দপ্তরে আরও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডি, এসবি, আরএমপি, রংপুর রেঞ্জ, পুলিশ সদর দপ্তর এবং পুলিশ স্টাফ কলেজে কর্মরত কর্মকর্তাদের মধ্যেও পদায়ন ও বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৃহৎ আকারের রদবদল আনা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।