হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার আহ্বান চীনের, ইরানকে নৌ চলাচল স্বাভাবিক করার বার্তা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে ইরানকে আহ্বান জানিয়েছে চীন। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্টভাবে এই অবস্থান তুলে ধরেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে। তবে একই সঙ্গে এই জলপথ দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ প্রণালিটি সবার জন্য উন্মুক্ত থাকা আন্তর্জাতিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়াং ই আরও বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার জন্য হরমুজ প্রণালি একটি কৌশলগত পথ। তাই এখানে কোনো ধরনের উত্তেজনা বা বাধা সৃষ্টি না করে নৌ চলাচল স্বাভাবিক রাখা উচিত। তিনি জানান, প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিকভাবে একটি বিস্তৃত ঐকমত্য রয়েছে এবং চীন সেই অবস্থানকেই সমর্থন করে।

তিনি আরও আহ্বান জানান, চলমান উত্তেজনা কমাতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার টেবিলে ফিরে যাওয়া এখন সময়ের দাবি। কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার টেকসই সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো সংবেদনশীল জলপথে চীনের এই অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্য প্রবাহ স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। কারণ এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়।

সূত্র: বিবিসি বাংলা।