বিশ্বকাপের আগে কোচ রেনারকে ছাঁটাই করল সৌদি আরব, নতুন কোচ নিয়ে জল্পনা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি থাকতে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা অভিজ্ঞ কোচ হার্ভে রেনারকে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফরাসি কোচ রেনার শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফুটবলে এমন সিদ্ধান্ত স্বাভাবিক, তবে জাতীয় দলকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাকে তিনি নিজের জন্য গর্বের বিষয় হিসেবে দেখেন।

৫৭ বছর বয়সী রেনার ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয়বারের মতো সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে তার অধীনেই সৌদি আরব ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে গ্রুপ পর্বে হারিয়ে বিশ্বজুড়ে চমক সৃষ্টি করেছিল।

রেনার তার বিদায়ী মন্তব্যে বলেন, তিনি দুই দফায় সৌদি আরবকে বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করেছেন এবং বাছাইপর্ব ও মূল বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন।

এর আগে জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস জয়ী এই কোচ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সৌদি আরবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দায়িত্ব নেন ইতালির কোচ রবার্তো মানচিনি, যিনি স্বল্প সময় পরই পদত্যাগ করেন।

রেনারের স্থলাভিষিক্ত হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন গ্রিসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার ও কোচ জর্জিওস দনিস। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি ফুটবল ফেডারেশন ইতোমধ্যে স্থানীয় ক্লাব আল খালিজের সঙ্গে আলোচনায় বসেছে, যেখানে বর্তমানে দায়িত্বে আছেন দনিস।

বিশ্বকাপের আগে এই কোচ পরিবর্তন সৌদি আরবের প্রস্তুতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।