দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট থেকে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করবে বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি।
রোববার রাজধানীর The Westin Dhaka-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।
তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনভিত্তিক সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা, জনস্বার্থ এবং গণমাধ্যমের নৈতিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তার ভাষায়, “ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব, আমরা সেই নীতিতেই অটল ছিলাম।”
তিনি দাবি করেন, সংবাদের দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিক অবস্থানের কারণে অল্প সময়েই চ্যানেলটি দর্শকপ্রিয়তা অর্জন করেছিল।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সে সময়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চললেও তাৎক্ষণিকভাবে সম্প্রচার পুনরুদ্ধার সম্ভব হয়নি।
গিয়াসউদ্দিন আল মামুন বলেন, পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর চ্যানেল ওয়ানের সম্প্রচার অধিকার পুনরুদ্ধারে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর ২০১০ সালের সিদ্ধান্ত আপিল বিভাগ স্থগিত করায় সম্প্রচারে ফেরার সব আইনি বাধা দূর হয়।
তিনি জানান, ২৭ এপ্রিল তারিখটি প্রতীকীভাবে বেছে নেওয়া হয়েছে। কারণ ১৬ বছর আগে ঠিক এই দিন ও সময়ে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়েছিল। সেই একই দিন ও ক্ষণে পুনরায় ফেরার মধ্য দিয়ে তারা নতুন যাত্রা শুরু করতে চায়।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগের মতোই সংবাদে বস্তুনিষ্ঠতা, সাহস এবং দলনিরপেক্ষ অবস্থান বজায় রেখেই চ্যানেল ওয়ান সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে।
আপনার মতামত লিখুন :