সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট পর্যন্ত তিনি এ মর্যাদা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সুবিধা পাবেন।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, পূর্বের এক বছরের পরিবর্তে তার জন্য নির্ধারিত ভিভিআইপি মর্যাদা ছয় মাসে সীমিত করা হয়েছে। ফলে ১০ আগস্টের পর তিনি আর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পাবেন না।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দায়িত্ব ছাড়ার আগে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মুহাম্মদ ইউনূস-কে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার ভিত্তিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫ অনুযায়ী তিনি এসএসএফ সুরক্ষা পাচ্ছিলেন।
বর্তমানে এই ব্যবস্থার আওতায় তার বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা, অনুষ্ঠানস্থলে তল্লাশি এবং দেশ-বিদেশ সফরে নিরাপত্তা সমন্বয় নিশ্চিত করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়। এরপর গত ২৮ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন।
তবে ভিভিআইপি মর্যাদার মেয়াদ হ্রাসের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর তার প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :