ছিনতাইকারী চক্রের ফাঁদে পড়ে কাস্টমস কর্মকর্তা নিহত, গ্রেপ্তার ৫: র‍্যাব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে হত্যা করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ২৪ এপ্রিল প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। পরদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

তদন্তে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে যাত্রীবেশে নিজেদের অটোরিকশায় তুলে ছিনতাই চালাত। ঘটনার রাতে অটোরিকশার চালকসহ ভেতরে থাকা সদস্যরা সবাই ওই চক্রের অংশ ছিল।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, বুলেট বৈরাগীকে অটোরিকশায় তোলার পর তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, একটি চাপাতি, একটি হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বিবির বাজার স্থলবন্দর-এ কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই চুরি, ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।