ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আইআরজিসির আনসার আল-মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন শনাক্ত করা যায়নি। নিহতরা সবাই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন, যারা বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জানজানের যে এলাকায় বিস্ফোরণটি ঘটে, সেখানে বিপুলসংখ্যক ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিলের শেষদিকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় এসব বোমা নিক্ষেপ করা হয়েছিল।
প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে আইআরজিসি।
ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, যুদ্ধবিরতির পর এটিই আইআরজিসির সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বাহিনীর তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে তাদের বিশেষজ্ঞ দল।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষে অবিস্ফোরিত বিস্ফোরক অপসারণ প্রক্রিয়া এখনো ইরানের জন্য বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ
আপনার মতামত লিখুন :