পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১:২২ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

দলটি সরকার গঠন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ মে) এই আশাবাদ ব্যক্ত করেন শুভেন্দু। একই সময়ে দেশটির পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকা-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় ১৬৫টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে প্রায় ১১৭ আসনে।
২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেই হিসেবে প্রাথমিক গণনায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রমের পথে রয়েছে বলে ইঙ্গিত মিলছে।
তবে এগুলো এখনো আনুষ্ঠানিক ফল নয়; চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই সরকার গঠনের চিত্র স্পষ্ট হবে।